বাংলাদেশ থেকে ভেসে যাওয়া একটি বড় আকারের গ্যাস বেলুন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কাছাড় জেলায় নেমে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। রোববার জেলার বরখোলা এলাকায় হঠাৎ আকাশ থেকে বেলুনটি একটি কৃষিজমিতে নামতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। পাশাপাশি এতে বাংলায় কিছু লেখা, তিনজন ব্যক্তির ছবি এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া গেছে। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেলুনটি কীভাবে আসামে পৌঁছাল—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অস্বাভাবিক আকারের বেলুনটি নেমে আসার পর মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তা শঙ্কায় প্রথমে গ্রামবাসীরা ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) খবর দেন। পরে ভিডিপির পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছাড় জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পার্থ প্রতীম দাসও সেখানে যান। এর আগেই এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, বেলুনটি কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে এবং এর সঙ্গে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটি তদন্তের আওতায় নেওয়া হয়েছে।