অবৈধ পথে ভারত যাতায়াত ও সীমান্ত এলাকায় হতাহতের ঘটনা রোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে। এর ফলে গত ১৫ দিনে গরু, মহিষ, আগ্নেয়াস্ত্র, মাদক ও বিভিন্ন চোরাই পণ্যসহ মোট ১ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ৭১০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
জানা গেছে, সম্প্রতি গরু পাচারসহ চোরাই মালামাল আনা–নেওয়ার উদ্দেশ্যে অবৈধ পথে সীমান্ত পারাপারের সময় আহত, নিহত ও গ্রেপ্তারের ঘটনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি বৃদ্ধি করেছে।
বিজিবির একটি সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১৫ দিনে উল্লেখযোগ্য পরিমাণ চোরাই মালামাল আটক করা হয়। এর মধ্যে ২৩ ডিসেম্বর দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, নগদ এক লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।
এ ছাড়া বিভিন্ন তারিখে পৃথক অভিযানে গরু ও মহিষ, ভারতীয় মদ, নেশাজাতীয় চোকোপ্লাস সিরাপ, ভারতীয় চাদর, নারিকেল তেল, ফেসওয়াশ, সাবান, কসমেটিকস, চিনি এবং একটি ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আগের তুলনায় বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। এর ফলে অস্ত্র, মাদক, গরু ও অন্যান্য চোরাই পণ্য আটক করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেন কোনো চোরাকারবারি বা অপরাধী অবৈধভাবে পারাপার করতে না পারে, সে জন্য বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।