শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় হেরোইন সেবনরত অবস্থায় এক মাদকসেবীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, শ্রীবরদী থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার মুন্সিপাড়া চেয়্যারম্যান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মরণ নেশা হেরোইন সেবনরত অবস্থায় ফতেহপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে চাঁন মিয়াকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধৃত চাঁন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
অভিযানকালে শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, এসআই হাবিবুল্লাহ খান, এএসআই নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।