দুর্দান্ত এক বিপিএল কাটাচ্ছেন শরিফুল ইসলাম। আসরের শুরু থেকে এখন পর্যন্ত বল হাতে পরাস্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। এবার তার সামনে হাতছানি দিচ্ছে তাসকিন আহমেদের গড়া রেকর্ড ভাঙার।
প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দলকে ফাইনালে তুলতে পুরো টুর্নামেন্টেই বল হাতে বড় ভূমিকা রেখেছেন শরিফুল। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫.৬ ইকোনমি ও ৯.৫৪ গড়ে ২৪ উইকেট শিকার করা শরিফুলের সামনে আছেন শুধুই তাসকিন আহমেদ।
গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। সেসময় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৩ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন ডানহাতি এই পেসার।
এবারের তাসকিনের রেকর্ডই আছে হাতছাড়া হওয়ার শঙ্কায়। বিপিএলের ফাইনালে শরিফুলের সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেয়ার। টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করা এই বাঁহাতি পেসার মাত্র এক ম্যাচেই এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি।
এবারের বিপিএলে শরিফুল ইসলাম পাঁচ উইকেটও শিকার করেছেন। মাত্র ৯ রান দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন এই পেসার। ফাইনালে একটি উইকেট পেলেই বিপিএলের এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ উইকেট বনে যাবেন শরিফুল। আর দুই উইকেট পেলে রেকর্ডটা নিজের করে নেবেন এই বাঁহাতি পেসার।
বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি
২৫ - তাসকিন আহমেদ - দুর্বার রাজশাহী
২৪ - শরিফুল ইসলাম - চট্টগ্রাম রয়্যালস (এবারের আসরে)
২৩ - সাকিব আল হাসান - ঢাকা ডায়নামাইটস
২২ - কেভন কুপার - বরিশাল বুলস
২২ - সাকিব আল হাসান - ঢাকা ডায়নামাইটস