টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের অভিযোগে স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়েছেন এক জামায়াত নেতা। অভিযুক্ত ব্যক্তির নাম কাজী নূরুল ইসলাম।
জানা গেছে, কাজী নূরুল ইসলাম ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতের একজন সক্রিয় নেতা। ঘটনাকালে তার সঙ্গে উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাধারণ ভোটারদের হাতে এক হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানায়।