ফেব্রুয়ারী ১২, ২০২৬, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
কিশোরগঞ্জে জাল ভোটের দায়ে যুবককে ২ বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেয়ার অপরাধে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত যুবকের নাম ইমরান হোসাইন (২১)। তিনি উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের লোকজন ইমরান হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেন। তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হোসেনপুর উপজেলায় দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার