ফেব্রুয়ারী ১৪, ২০২৬, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
নির্বাচিত হয়েই ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করলেন এমপি মানিক

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এমপির নির্দেশে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সদ্য নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সময় সংবাদকে বলেন, ‘জনমনে আতঙ্ক, ভয়ভীতি দেখানো, কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং মাদক এখন থেকে চাঁদপুরে হারাম করে দেয়া হলো। এর সঙ্গে জড়িত যদি আমার দলের কেউ থাকে, তাকেও যেন আটক করে কঠোর ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের প্রত্যাশা পূরণে যা যা করা দরকার, সরকারের সহযোগিতা নিয়ে চাঁদপুরবাসীর জন্য তাই করব। কারণ, মানুষ শান্তি চায়।’
জানা যায়, চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনের দিন এবং গতকাল শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়। পরে সংসদ সদস্যের নির্দেশে চাঁদপুর পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আটকরা হলেন: শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লুৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬) এবং ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। এ ছাড়া রাতেই ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির (২৫) ও ফাহিম (২৮) নামের আরও দুজনকে থানায় হস্তান্তর করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, তারা সবাই স্থানীয় ছাত্রদলের কর্মী।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ‘যাদের আটক করা হয়েছে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
তিনি জানান, এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার