ফেব্রুয়ারী ১৪, ২০২৬, || ইমেইল : news@protidinkhabor.com || www.protidinkhabor.com
১০ ঘণ্টা ধরে পড়ে আছে বোমা বিস্ফোরণে নিহত দুইজনের মরদেহ

ভোর ৫টায় বসতবাড়ির একটি ঘরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত হয় দুই জন। এরপর ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও সেই ঘরেই পড়ে রয়েছে মরদেহ দুটি। পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবির সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এমন চিত্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ওরফে কালুর বাড়ির।
জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হাতবোমা বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই নিহত হয় দুই জন। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিন জন। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান, বাড়ির লোকসহ বাইরে থেকে কারিগর এনে বোমা তৈরির সময় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের পর থেকেই পলাতক রয়েছে পরিবারের সদস্যরা। নির্বাচন পরবর্তী সহিংসতার কাজে এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
অন্যদিকে পুলিশ বলছে, বিস্ফোরণের কারনে দেহের বিভিন্ন অংশ বিছিন্ন ও বিক্ষত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত হয়নি।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তবে নিহতদের পরিচয় শনাক্ত হওয়া যায়নি। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আহতদেরকে পাহারা দিচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা।
স্বত্ব © ২০২৬ প্রতিদিন খবর || সম্পাদক ও প্রকাশক : আলী আজগর হাওলাদার