নোয়াখালীতে শুঁটকির ব্যাগে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দীল জাহান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১১। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রাতে বেগমগঞ্জ থানার ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের চৌমুহনী রেলগেইট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। ‘আল্লাহর দান’ নামের চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাসটি হক বেকারি অ্যান্ড সুইটসের সামনে থামিয়ে তল্লাশি করা হলে শুঁটকির ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৩ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় দীল জাহান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর সুধারাম থানার কালদরাপ ইউনিয়নের রামহরিতালুক এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুঁটকির ব্যাগে ইয়াবা লুকিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে পাচারের চেষ্টা করছিলেন তিনি।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১০(খ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালী জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।