
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি সাইফুল শাকিল তালুকদারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকারী এবং জামালপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এম. রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় তারা আনন্দিত ও গর্বিত। তাঁর নেতৃত্বে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানকালে বক্তারা উল্লেখ করেন, মিল্লাত দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার মাধ্যমে জামালপুর জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জাতীয় পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে স্থানীয় নেতাকর্মীরা প্রত্যাশা করেন।
এসময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দল ও জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। জামালপুর-১ আসনসহ দেশের সার্বিক উন্নয়নে আমি বদ্ধপরিকর।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর আবহের সৃষ্টি হয়।