সাতক্ষীরায় আহ্ছানিয়া মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করেন ছয় হাজার মুসল্লি। দিনভর ইফতার তৈরিতে চলে বিশাল কর্মযজ্ঞ। মাগরিবের আজানের আগেই দূর-দুরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। মহান আল্লাহ'র সন্তুষ্টির আশায় ৯০ বছর ধরে প্রতি রমজানে মাসজুড়ে চলে এ আয়োজন।
ইফতার তৈরি শেষে খাবার বণ্টন করা শুরু করেন স্বেচ্ছাসেবকরা। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বণ্টন হয় সাত পদের ইফতার। থাকে সিংগাড়া, সিদ্ধ ডিম, কলা, ছোলা, ফিরনি, খেজুর, চিড়া সহ বিভিন্ন পুষ্টিকর খাবার।
মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ।
আহ্ছানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন ছয় হাজার মুসল্লি। যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে।
সাতক্ষীরার কালিগঞ্জের নলতাআহ্ছানিয়া মিশনের সহকারি সম্পাদক আবুল ফজল বলেন, ইফতার আয়োজনের জন্য প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়। কেউ এই খরচ এককভাবে বহন করেন। আবার কোন কোন দিন অনেকজন সম্মিলিতভাবে এই ব্যয় বহন করেন। বর্তমানে এখানে প্রায় ৩শ' স্বেচ্ছাসেবক কাজ করছে।
ইবাদাত আর সৃষ্টির সেবার মধ্য দিয়েই মহান আল্লাহ'র সান্নিধ্য লাভের আশায় খান বাহাদুর আহসানউল্লাহ্ ১৯৩৫ সালে শুরু করেছিলেন এই ইফতার মাহফিলের। ১৯৬৫ সালে তার মৃত্যুর পর এটি অব্যাহত রেখেছেন তার ভক্ত অনুসারীরা।