নোয়াখালীতে প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের উত্তর চাকলা রাজের বাড়ি মৃত ফয়েজ আহমদের ছেলে।
জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।