ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বাজার গোপালপুর প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাবাচ্ছুম (৫)নামে এক কন্যা শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাবাচ্ছুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। কয়েকমাস বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করছিল তারা। নজরুল ইসলাম বারোবাজারের একটি দর্জির দোকানে কাজ করেন ও স্ত্রী হালিমা খাতুন ওয়েভ ফাউন্ডেশন এনজিওতে চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জেল্লাল হোসেন বলেন, বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল মেয়েটি। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে এই দিন রাতেই থানায় একটি জিডি করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় একজন কৃষক ফসলের মাঠে সেচ দিতে যাওয়ার সময় রক্তমাখা বস্তা দেখে লোকজনকে জানান।
ওসি জেল্লাল হোসেন বলেন, ও-ই কৃষক মাঠে একটি স্যালো মেশিন চালান। মেশিনের স্টার্টার হ্যান্ডেল ও গ্রিজ মবিল একটি ব্যাগে ভরে আব্দুল জব্বার মাধ্যম বিদ্যালয়ের সেফটিক ট্যাংকের পাশে লুকিয়ে রাখতেন। তিনি এই ব্যাগ নিতে গিয়েই বস্তাটি দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেক্সুয়াল নির্যাতনের কিছু ঘটেছে কিনা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে। আমরা রহস্য উদঘাটনে চেষ্টা করছি।
নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, বুধবার দুপুর আড়াইটার পর থেকে তাবাচ্ছুম নিখোঁজ ছিল। আমরা লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। রাতে থানায় জিডি করি। আমার এতটুকু মেয়েকে কি কারণে কারা হত্যা করলো দ্রুত রহস্য উদঘাটন করে হত্যাকারীদের শাস্তির দাবি জানাই