ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ২টি অটোরিকশা ও ১টি Samsung Galaxy Tab উদ্ধার
সামরুল হক, বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলায় চুরি ও সংঘবদ্ধ অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর) একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ০২ (দুই) টি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ০১ (এক) টি Samsung Galaxy Tab উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, অদ্য ০৪ মার্চ ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা এলাকাধীন নয়াবাড়ি রেডিও কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডিবির একটি চৌকস দল ঘটনাস্থলে অবস্থান নিয়ে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং যথাযথ সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১। আঃ রহমান (৪০), পিতা-মৃত আনছার শেখ
২। মোঃ নিজাম হাওলাদার (৪০), পিতা-মৃত আঃ হক
৩। ইসলাম সরকার (২০), পিতা-মুছা সরকার
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর উপকণ্ঠ ও আশপাশের এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করত। বিশেষ করে রাতের অন্ধকারে ফাঁকা স্থান বা আবাসিক এলাকার সামনে পার্কিং করা অটোরিকশাকে টার্গেট করত তারা।
অভিযানকালে উদ্ধার হওয়া ২টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ১টি Samsung Galaxy Tab জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের প্রকৃত মালিকদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ঢাকা জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।