
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের রাজধানীর তেহরানের আজাদী স্টেডিয়াম বিধ্বস্ত হয়েছে। ১২ হাজার দর্শক ধারনক্ষমতার এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা হতো।
বৃহস্পতিবার (৫ মার্চ) এ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
এতে সাইক্লিং ফেডারেশনের ডরমিটরি এবং একটি নবনির্মিত ভবনও ভেঙে গেছে। এছাড়া সুইমিং পুলসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রোয়িং ফেডারেশনের সভাপতি আলিরেজা সোহরাবিয়ান এই হামলার নিন্দা জানিয়েছেন এবং রেড ক্রস সনদের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছেন। মূলত রেড ক্রস সনদ যুদ্ধের সময় খেলাধুলা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিকে লক্ষ্যবস্তু করতে নিষেধ করে।
তিনি বলেন, 'যুদ্ধকালীন সময়ে রেড ক্রস কর্তৃক খেলাধুলা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা স্থান ধ্বংস করা স্পষ্টভাবে নিষিদ্ধ ছিল। তবুও আজ আমরা আজাদী স্টেডিয়ামে সরাসরি আক্রমণের সাক্ষী হলাম।'
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিরেজা সোহরাবিয়ান সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং সহকর্মী নাগরিকদের শাহাদাতের জন্য সমবেদনা জানান।