
প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায়-দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা।
ইরানে ভয়াবহ হামলার শিকার হয়েছে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলি-আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম।
আর কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছে অন্তত দুই জন। নাতাঞ্জ শহরের কাছেও হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের ৪৩টি যুদ্ধজাহাজ।
০৭ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম
ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর এই অনুমোদন দেয়। এর ফলে মিত্র ইসরায়েলকে ১৫ কোটি ডলারের বেশি মূল্যের সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। যেসব সমরাস্ত্র সরবরাহ করা হবে তার মধ্যে অন্যমত বিএলইউ বোমা।
এর পাশাপাশি বিভিন্ন লজিস্টিক্স ও প্রযুক্তিগত সহায়তা করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দ্রুততম সময়ের মধ্যে এসব অস্ত্র সরবরাহ করা হবে। এ লক্ষ্যে বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
দুবাই ও বাহরাইনের রাজধানী মানামাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, একইসঙ্গে সর্তক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে এএফপি।
এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে জানিয়েছে, নাগরিক এবং বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
০৭ মার্চ ২০২৬, ০৯:০০ এএম
ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহতে কাজ করছে।
সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও জানায় তারা।
সূত্র: আল জাজিরা
০৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভেতর কোনো কিছু দাউ দাউ করে জ্বলছে।
০৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ এএম
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবি চিত গ্রামে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
০৭ মার্চ ২০২৬, ০৮:২৮ এএম

আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ( আইপিসি) জানিয়েছে, ইরানের একমাত্র অ্যাথলেট শীতকালীন গেমসে অংশ নিতে পারবে না। শুক্রবার সন্ধ্যায় ইতালির ভেরোনা শহরে শুরু হয়।
আইপিসি জানিয়েছে, দুইবারের প্যারালিম্পিয়ান আবুলফজল খাতিবি মিয়ানাই দুটি প্যারা ক্রস-কান্ট্রি স্কিইং ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু চলমান যুদ্ধের কারণে ইতালিতে ভ্রমণ করতে পারছেন না।
২৩ বছর বয়সী এই স্কিয়ার শেষ দুই শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছেন এবং মঙ্গলবার একটি ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।
০৭ মার্চ ২০২৬, ০৮:২২ এএম
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণে ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমি এলাকা থেকে ৪টি ড্রোন শায়বা তেলক্ষেত্রের দিকে আসার সময় ধ্বংস করা হয়েছে।
তবে মন্ত্রণালয় এ বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
এর আগে, মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।
০৭ মার্চ ২০২৬, ০৮:২০ এএম
ইসরায়েলি যুদ্ধবিমান বেকা উপত্যকার শ্মেস্টার শহরের পার্শ্ববর্তী একটি স্থানে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আল জাজিরা প্রতিনিধি।
এর আগে, বেকা অঞ্চলে ইসরায়েলি কমান্ডো ও হেজবোল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশিত হয়েছিল।