চুয়াডাঙ্গা সদর উপজেলায় পুলিশের বাৎসরিক ফায়ারিংয়ের অনুশীলনে সময় এক পথচারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান।
গুলিবিদ্ধ বাবু হোসেন (৩২) পৌর এলাকার সাতগাড়ি মণ্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু হোসেন মোটরসাইকেলে করে হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বুলেট তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবুকে উন্নত চিকিৎসা ও বুলেট অপসারণের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক এহসানুল হক তন্ময়।
তিনি বলেন, “বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চি মতো বিদ্ধ হয়েছে। এখানে অস্ত্রোপচার সম্ভব হয়নি। তাই রাজশাহীতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।”
ওসি মিজানুর রহমান বলেন, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটা কোথা থেকে বিদ্ধ হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।