‘প্রচলিত’ নাম জোনায়েদ সাকি। কাগুজে নাম মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকি পেশায় প্রকাশক। তার স্ত্রী তাসলিমা আখতার আলোকচিত্রী ও শিক্ষক। আয়ের দিক থেকে জোনায়েদ সাকির চেয়ে তার স্ত্রী অনেকটা এগিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি এ হলফনামা জমা দিয়েছিলেন।
জুনায়েদ সাকির জন্ম ১৯৭৩ সালে ৯ ডিসেম্বর। হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে ‘বিএ’ পাস লিখেছেন। তিনি কখনোই ফৌজদারি মামলায় অভিযুক্ত হননি বলে উল্লেখ করেছেন। স্থায়ী ও বর্তমান ঠিকানা হিসেবে দিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের চরলহনিয়া গ্রাম।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, জোনায়েদ সাকির মোট সম্পদের পরিমাণ ৪৬ লাখ ৬২ হাজার ৬০২ টাকা। অপরদিকে তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে এক কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০৪ টাকা। জোনায়েদ সাকি আয়কর দিয়েছেন ৩৭ হাজার ৬৪০ টাকা ও তার স্ত্রী আয়কর দিয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৪৪৮ টাকা।
হলফনামা অনুযায়ী, জোনায়েদ সাকির বার্ষিক আয় সাত লাখ ৭২ হাজার ৯৩৬ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় এক লাখ ২০ হাজার ১৪১ টাকা, সঞ্চয়পত্র থেকে ২ হাজার ৭৯৫ টাকা এবং পেশা থেকে ৬ লাখ ৫০ টাকা।