ব্যাপক হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্স মার্কিন সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী একটি ইউনিট।
মার্কিন কর্মকর্তারা শনিবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে আটকের তথ্য জানিয়ে সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, ভেনেজুয়েলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘বড় আকারের হামলা’ চালিয়েছে। এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে’।
ট্রাম্প বলেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ স্থানীয় সময় সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন করা হবে।
মার্কিনিদের হামলার নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার সরকার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ভূখণ্ডে যে চরম ন্যাক্কারজনক সামরিক আগ্রাসন চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ভেনেজুয়েলা। একইসাথে বিশ্ববাসীর কাছে আমরা এই ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ তুলে ধরছি এবং এই সামরিক আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করছি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতর এ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সিবিএস। মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সামরিক অবকাঠামোসহ বিভিন্ন জায়গায় হামলা চালাতে বলেছেন তিনি।