শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ, একটি মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৪।
রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়কের বারোমারী মিশন এলাকার বটতলা সোয়াইবা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ (২০) এবং একই উপজেলার সম্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।
র্যাব-১৪ এর কর্মকর্তা ও কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক, মোটরসাইকেল ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং কুড়ালসহ মাদক কারবারিদের ব্যবহৃত মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।