সোমবার (৫ জানুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারে গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন আখতার হোসেন।
তিনি বলেন, ‘যদি বাংলাদেশকে সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।’
আখতার হোসেন বলেন, ‘আমরা খেয়াল করছি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন কিছু কিছু জায়গায় পক্ষপাতমূলক আচরণ করেছে। দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের দিকেই তাকান আর মিডিয়ার দিকেই তাকান অথবা প্রশাসনের দিকেই তাকান একটা দিকে ঝুঁকে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা তাদের মধ্যে খেয়াল করছি।’
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, ‘প্রশাসনের একটা পক্ষ অলরেডি একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে। আমরা মনে করি, এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি সঠিকভাবে গড়তে হয় তাহলে প্রত্যেকটা দলকেই এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে কথা বলতে হবে।’
আখতার হোসেন আরও বলেন, ‘প্রশাসন আজকে কোনো একটা দলের পক্ষপাতিত্ব করছে, সেই প্রশাসনই কিছুকাল আগেই সেই দলকে দমন নিপীরন করার জন্য তারা সর্বাগ্রে ভূমিকা রেখেছে। যখন অন্য কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সে দলকে আবারও তারা দমন নিপীরন করার জন্য উদগ্রীব হয়ে পড়বে।’
তিনি বলেন, ‘প্রশাসনকে যদি নিউট্রালাইজ ও নিরপেক্ষ রাখতে হয় এবং জনগণের জন্য উপযোগী করে তুলতে হয়; তাহলে যে দলের পক্ষপাতিত্ব করছে প্রশাসন সে দলকেও এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে থাকতে হবে এবং অনৈতিক সুবিধা আদায় না করে বরং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ইনসিওর করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাত্রা সেটাকে সমুন্নত করার জন্য একত্রে কাজ করতে হবে।’