গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ফুল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গ্রেফতার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, লুৎফর বিশ্বাস, জিহাদ বিশ্বাস,নাহিদ মোল্লা, স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহবুবুর রহমান ও মিরাজ তালুকদার।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শনিবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি মিছিলকারীরা লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) মো. ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।