আশুলিয়া শিল্পাঞ্চল আবার অশান্ত হয়ে উঠেছে। ছুটি ঘোষণা করা হয়েছে ১০৭টি পোশাক কারখানায়। গতকাল মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বিশৃঙ্খলা ঠেকাতে শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এদিকে গাজীপুরে বিক্ষোভ হওয়ায় ছুটি ঘোষণা করা হয়েছে ১৮ কারখানায়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবিতে গতকাল সকালে আশুলিয়ায় বিক্ষোভ, কর্মবিরতি ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা এবং কার্ড পাঞ্চ করে স্বাভাবিকভাবেই কাজে যোগ দেন। তবে এনভয়, হলিউড, দ্য রোজ, হা-মীম গ্রুপের নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে গেলেও হাজিরার পর বের হয়ে যান।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন স্থানে থেমে থেমে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষে আহত দুই শ্রমিক হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই স্টারলিং স্টাইলের শ্রমিক বলে জানা গেছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, দুজন পোশাক শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে রাজিয়া খাতুনের মাথায় আঘাত থাকায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।
এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার যে দাবি করা হচ্ছে, তা অস্বীকার করে তিনি বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি।’ মমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ রাবার বুলেট কিংবা শটগান ব্যবহার করেনি। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শতাধিক পোশাক কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আশুলিয়ায় যেসব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি.এস.এল. নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুরে ১৮ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে শ্রমিকদের একটি অংশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বেশির ভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকরাও কাজে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকায় নর্থ ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন। সেখানে কিছু সময় অবস্থানের পর আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় আশপাশের কারখানার শ্রমিকরা জড়ো হতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। তারা নাওজোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।
তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।