অসদাচরণ ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন– পুলিশ সদরদপ্তরের সাবেক অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, রংপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সরওয়ার কবির সোহাগ, ময়মনসিংহের মুক্তাগাছায় দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. আরিফুজ্জামান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম এবং সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এএসপি মো. ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। প্রলয় কুমার জোয়ারদারকে প্রথমে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। নাজমুলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং সোহাগকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। প্রজ্ঞাপন অনুসারে, বিভাগীয় তদন্তে সাত কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হয়েছে। অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কাজে যোগ দেওয়ার সরকারি নির্দেশনা পালন না করায় তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়।
প্রলয় কুমার জোয়ারদারের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজে যোগ দেওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হলেও তিনি দায়িত্বে ফিরে আসেননি এবং অনুপস্থিতির বিষয়ে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যাও দেননি। বিভাগীয় তদন্তে প্রলয় কুমারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে সরকার তাঁকে বরখাস্তের অনুমোদন দেয়।
একইভাবে নাজমুল, সোহাগ, আরিফুজ্জামান, শামীম ও জামানের বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।