ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর বা বিকেলে আদালতে তোলা হতে পারে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাঈদ খোকনকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে কোনটিতে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এই সদস্য দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর তাকে প্রথমে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।