অ্যাপল তাদের নতুন পণ্য নিয়ে আরও একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। ‘প্রো অ্যান্ড টেল’ নামের এই ইভেন্টটি আগামী ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে (বাংলাদেশ সময় রাত ১১টা)। মূলত ম্যাকবুক ও আইপ্যাডের নতুন মডেলগুলোর ওপরই এই ইভেন্টে বিশেষ নজর দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়িয়াক এক্সে দেওয়া এক পোস্টে এই ইভেন্টের ইঙ্গিত দেন। তিনি লেখেন, আগামী সপ্তাহে প্রো অ্যান্ড টেল ইভেন্টের জন্য আর তর সইছে না। তবে এটি সাধারণ কোনো প্রেজেন্টেশন বা কি-নোট ইভেন্ট হবে না। অ্যাপল গণমাধ্যমকর্মী ও নির্মাতাদের এই ইভেন্টে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে, যেখানে তারা নতুন ডিভাইসগুলো হাতে নিয়ে দেখার সুযোগ পাবেন। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, এই ইভেন্টের সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক প্রো, যাতে ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। ১৪ ও ১৬ ইঞ্চি মাপের এই নতুন মডেলগুলো বর্তমান প্রো মডেলের চেয়ে অনেক হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে ম্যাক লাইনের প্রথম ডিভাইস, যাতে ‘ডায়নামিক আইল্যান্ড’ ফিচার যুক্ত হবে। তবে এটিতে অ্যাপলের নতুন এম৬ (M6) চিপের বদলে এম৫ প্রো (M5 Pro) ও এম৫ ম্যাক্স (M5 Max) চিপ ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে ম্যাকওএসের (macOS) ডেভেলপার বেটা সংস্করণে টাচ ফিচারের উল্লেখ পাওয়া যাওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়েছে। এছাড়া, ১৪ ইঞ্চির এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো এবং ২৪ ইঞ্চির আইম্যাকও এম৬ চিপ দিয়ে আপডেট করা হতে পারে। তবে এগুলোর ডিজাইনে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। অন্যদিকে, আইপ্যাড মিনিতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অষ্টম প্রজন্মের এই মডেলে ৮.৪ ইঞ্চির ওলেড স্ক্রিন, এ২০ (A20) চিপ এবং ল্যান্ডস্কেপ প্রান্তে ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পানি থেকে সুরক্ষার জন্য এতে ভাইব্রেশন-ভিত্তিক স্পিকার সিস্টেমও যুক্ত হতে পারে। নতুন এই ডিভাইসগুলো আগামী ৬ নভেম্বর থেকেই বাজারে পাওয়া যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিডিপ্রতিদিন/কেকে
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।