ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

বিনোদন

ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ

বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিন মানেই তার মান্নতের বাইরে জনজোয়ার। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে আকাশে-বাতাসে শুধুই ‘শাহরুখ, শাহরুখ…’ গগনভেদী চিৎকার! আর মান্নতের সিংহদুয়ারের সামনে চেনা দৃশ্য বাদশার দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। তবে এবার শাহরুখ অনুরাগীদের জন্য দুঃসংবাদ। কারণ এবার জন্মদিনে ‘বাদশাহীন’ই থাকতে হচ্ছে মান্নতকে। ঘনিষ্ঠ সূত্রে খবর, জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন কিং খান। কিন্তু কেন? কিং খানের দীর্ঘদিনের রীতিতে ছেদ পড়তে চলেছে। কারণ  শাহরুখের টিমের তরফে ‘এসআরকে ডে’র অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, টিমের তরফে প্রত্যেক ফ্যান ক্লাবকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আড়ামী ২ নভেম্বর মানেই অনুরাগীদের কাছে ‘এসআরকে ডে’। প্রতিবার এই বিশেষ দিনে বাদশার একঝলক পাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তের ‘জাবরা ফ্যান’রা ভিড় জমান মান্নতের সামনে। শাহরুখও অনুরাগীদের আশাহত করেন না। দুপুর-সন্ধ্যা হোক বা রাত বারোটা, শত ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য একটিবার মান্নতের ছাদে ওঠেন তিনি। বলিউড সূত্রে খবর, এই সময়টায় ‘কিং’ ছবির শুটিংয়ের জন্য লন্ডনে থাকবেন শাহরুখ। জানা গিয়েছে, জন্মদিনেও কাজ থেকে বিরতি নেননি তিনি। বরং লন্ডনে হাইভোল্টেজ এক গানের দৃশ্যের শুটিং করবেন ২ নভেম্বর। যে গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে কারিনা কাপুর খানকেও। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে বাদশার বহু প্রতীক্ষিত মেগাবাজেট ছবি ‘কিং’। তাই কোনওমতেই এখন সময় নষ্ট করতে নারাজ শাহরুখ। এ কারণে নিজের জন্মদিনেও শুটিং থেকে ছুটি নেননি তিনি।

ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ