
বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এ কথা বলেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষকে বিএনপি ভালোবার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে। যিনি বিএনপি সমর্থিত একজন এমপি।
স্পিকার এবং ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি কর্তৃক শপথ পড়ানোর বিষয়টি উল্লেখ করে সারজিস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের সীমাবদ্ধতা ছিল। এতদিন পরে যখন একটি নির্বাচন হলো তখন বিএনপি ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে তাদের নতুন সরকারের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ সেই স্বৈরাচারী লেজ টেনে ধরা শুরু করেছে। সেটি আমাদেরকে মর্মাহত করেছে।
মন্তব্য করুন