চট্টগ্রাম নগরীর বায়োজিদ বোস্তামি থানা এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পর মুঠোফোনে কল দিয়ে বাড়ির মালিককে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী জাফর আহমদ জানান, প্রায় ১০ মাস আগে রায়হান নামের এক সন্ত্রাসীর সহযোগীরা ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়েছিল। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় রবিবার রাতে তার বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে না থাকায় কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে গেছে।
তিনি অভিযোগ করেন, বাড়িতে গুলি করার পর রায়হান তাকে ফোন করে। এ সময় ফোনে বলা হয়, টাকা দিসনি তাই আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন এ প্রসঙ্গে বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে চলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।