ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

এবার ‘জয় বাংলা’ বলে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় কলাবোঝাই চলন্ত একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দেয় অগ্নিসংযোগকারীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপ ভ্যানটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় দুই মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিচ্ছিল। পিকআপের চালক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে পিকআপের কাছে থামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। তবে অগ্নিসংযোগকারীদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি। এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘মানিকতলা এলাকায় কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।’ এর আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাসের মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এবার ‘জয় বাংলা’ বলে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন