ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

বিএনপি ক্ষমতায় গেছে বলেই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য

‘বিএনপি ক্ষমতায় গেছে বলেই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটি কি লুকানোর কিছু আছে? বহু সুশীল লোকজন তো ছিল’ বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। শুক্রবার বিকেলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) জবি শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘আমরা ৫ আগস্টের পর থেকেই অনেক লোকজনকে দেখছি। এখানে লুকানোর কিছু নেই। মানুষের নিজের পরিচয় বা আত্মপরিচয় লুকানোর কিছু নেই। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আমি আওয়ামী লীগের জুলুম সহ্য করেছি।’ তিনি আরও বলেন, ‘আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন, যদি দেশের নাগরিক হয়ে থাকেন, দেশকে সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।’ অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘বিগত ১৫-১৬ বছর আমরা যারা আজকে এখানে বসে আছি, আমরা বাংলাদেশের কোন ক্যাটাগরির নাগরিক, তা নিজেরাও বুঝতাম না। আমাদের কোনো বাক্‌স্বাধীনতা ছিল না, গণতান্ত্রিক স্বাধীনতা ছিল না, মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। যার কারণে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। ছাত্র-জনতা জালিমদের হাত থেকে মুক্তি এনে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন, বাংলাদেশের সুখ-সমৃদ্ধি এবং উন্নতি প্রত্যাশা করে থাকেন, তাহলে আমাদের স্বার্থেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতে হবে।’ উপাচার্য বলেন, ‘আমরা দেখেছি, গত দুই বছর অনেকেই নির্বিঘ্নে দেশে বসবাস করছিলেন। আমরা বিগত কিছুদিন ধরে যে নৈরাজ্য দেখছি—সেদিন নড়াইলে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে দেখেছি, কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গত ১৫-১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি যেন না হয়, সে জন্য সবাইকে রুখে দাঁড়ানো উচিত, প্রতিবাদ করা উচিত। যিনি এই দেশের নেতৃত্ব দিচ্ছেন, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন, আজ তাঁর জন্মদিন। জন্মদিনে আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করব। আমি মনে করি, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। এর বিকল্প কিছু নেই।’ দোয়া মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা পর্বে ইউট্যাবের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ লোকমান হোসেন এবং শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদ। দোয়া মাহফিল শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

বিএনপি ক্ষমতায় গেছে বলেই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি: জবি উপাচার্য