নাশকতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনও অবস্থাতেই মারণাস্ত্র কিংবা লাইভ বুলেট ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য কৌশল ব্যবহারের মাধ্যমে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসাদুজ্জামান গনি। তিনি বলেন, গোপালগঞ্জে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের হাত থেকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার থেকে ৮ প্লাটুন আনসার সদস্য মাঠে কাজ শুরু করেছেন। স্থানীয় জনগণ যত দিন আনসার বাহিনীর উপস্থিতি প্রয়োজন মনে করবে, তত দিন সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। আসাদুজ্জামান গনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্লাটুনভিত্তিক টহল পরিচালনা করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।