ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন করে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন করায় জেলায় মোট ১১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। আগে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও এখন ২৫ জনের নেতৃত্বে বিজিবি সদস্যরা কাজ করছেন। তিনি আরও বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়কে অবস্থান নিতে দেননি। এ সময় বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা যায়। গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল ৮টার কিছু আগে শ্রমিকেরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দফা সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শ্রমিক আন্দোলন: গাজীপুরে বাড়ানো হলো বিজিবি-নির্বাহী ম্যাজিস্ট্রেট