ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

মেসিকে বসিয়ে রাখার ব্যাখ্যা দিলেন কোচ

স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রের নিউজার্সি—দূরত্ব ৫৫২০ কিলোমিটার। দীর্ঘ এই লম্বা পথ পাড়ি দিয়ে মাঠে নামতে হয়েছে লিওনেল মেসিকে। কিন্তু আর্জেন্টাইন তারকা শুরুর একাদশে থাকা তো দূরে থাক, পুরোটা খেলার সুযোগ মেলেনি। অনেক কিছু বিবেচনা করেই এমনটা করেছেন ইন্টার মায়ামি কোচ কিলি গঞ্জালেস। ওভিয়েদোতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে পৌঁছে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড গ্রহণ করেন মেসি। চার দিনের মাথায় তাঁকে মাঠে নামতে হয়েছে। বাংলাদেশ সময় আজ ভোরে নিউজার্সির স্পোর্টস ইলাসট্রেটেড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রেডবুল নিউইয়র্ক-ইন্টার মায়ামি। ৫৫ মিনিটে রিকোয়েলমে ফিলিপিকে উঠিয়ে মেসিকে নামান গঞ্জালেস। মেসিকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন গঞ্জালেস। রেডবুল নিউইয়র্কের কাছে ২-০ গোলে হারের পর ইন্টার মায়ামি কোচ ইএসপিএনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আগে থেকেই আমাদের মধ্যে সমঝোতা হয়েছিল। স্বাভাবিকভাবেই, তাকে দীর্ঘ ও ব্যস্ত একটি যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে। সময় অঞ্চলের পরিবর্তন, তাপমাত্রার তারতম্য এবং এ ধরনের আরও অনেক বিষয়ের মুখোমুখি হতে হয়েছে।’ আগামী দুই সপ্তাহের মধ্যে ইন্টার মায়ামিকে খেলতে হবে তিন ম্যাচ। যার মধ্যে নু স্টেডিয়ামে এমএলএসে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে সিনসিনাটির বিপক্ষে খেলবে মায়ামি। ৭ নভেম্বর পর্যন্ত যে তিন ম্যাচ খেলবে মায়ামি, সেই তিনটিই এমএলএসের। সেদিন ভোরে শার্লটের বিপক্ষে খেলতে নামবে মায়ামি। এর আগে ২ নভেম্বর নিউ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। টানা সূচির ধকল এড়াতেই মূলত মেসিকে আজ শুরুর একাদশে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন গঞ্জালেস। ইএসপিএনকে মায়ামি কোচ বলেন, ‘আমরা এসব বিষয় সম্পর্কে পুরোপুরি অবগত ছিলাম এবং আমরা একমত হয়েছিলাম, যেকোনো ধরনের সমস্যা এড়াতে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। বিশেষ করে, আগামী বুধবার আমাদের আরেকটি ম্যাচ রয়েছে। তাই আমরা কোনো ধরনের চোটের ঝুঁকি নিতে চাইনি। আমাদের লক্ষ্য ছিল, সে যেন সুস্থ হয়ে ওঠে এবং আজকের ম্যাচে কিছু সময় খেলার সুযোগ পায়। বরাবরের মতোই সে ভালো পারফর্ম করেছে।’ গত ৭ অক্টোবর আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দুই অ্যাসিস্ট ও এক গোল করেছেন। আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। অ্যাসিস্ট করেছেন ৬৯ গোলে।

মেসিকে বসিয়ে রাখার ব্যাখ্যা দিলেন কোচ