ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

কুয়েতে শেষ ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্য ফর্টিসের

এএফসি চ্যালেঞ্জ লিগে টানা দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়েছে ফর্টিস এফসির। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও শেষ ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন বাংলাদেশের ক্লাবটির কোচ ও খেলোয়াড়রা। তাজিকিস্তানের রেগার তাদাজের বিপক্ষে শেষ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চান তারা। শুক্রবার কুয়েতের মাঠে লড়বে দুই দল। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে কাঙ্ক্ষিত ফল পায়নি ফর্টিস। সর্বশেষ ম্যাচে ভারতের এফসি গোয়ার বিপক্ষে  শেষ দিকে এসে ম্যাচটি হাতছাড়া করে বাংলাদেশি ক্লাবটি। সেই হারে হতাশ খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কোচ মাসুদ পারভেজ কায়সার। ম্যাচের আগে কোচ বলেন, ‘ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা খুবই হতাশ ছিল। বিশেষ করে এফসি গোয়ার সঙ্গে ৮৬ মিনিটে গোল কনসিড করার পর ম্যাচটা হারের হতাশা আরও বেড়েছে। তবে কালকের ম্যাচ আমাদের খেলতেই হবে।’ শেষ ম্যাচটিকে নিজেদের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন ফর্টিস কোচ। তার মতে, হারানোর কিছু না থাকায় নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ রয়েছে দলের সামনে। কায়সার বলেন, ‘এটা অবশ্যই টুর্নামেন্টে আমাদের সবার, বিশেষ করে খেলোয়াড়দের জন্য নিজেদের কিছু করার শেষ সুযোগ। প্রাপ্তি যোগ করার সুযোগ আছে, হারাবার কিছু নেই। শেষ ম্যাচটায় যদি আমরা ভালো কিছু করতে পারি— ইনশাল্লাহ, সবারই আশা পূরণ হবে। আমরা সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করব এবং পয়েন্ট আনার চেষ্টা করব।’ একই প্রত্যয় ফুটে উঠেছে ফর্টিসের গাম্বিয়ার খেলোয়াড় পা ওমর বাবুর কথাতেও। প্রথম দুই ম্যাচে কাঙ্ক্ষিত ফল না এলেও সেসব ম্যাচ থেকে শিক্ষা নিয়ে শেষ ম্যাচে ইতিবাচক ফলের দিকে তাকিয়ে আছেন তিনি। ওমর বাবু বলেন, ‘প্রথম দুটি ম্যাচের মতো প্রস্তুতি এখনো একই রকম। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রথম দুটি ম্যাচ থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। আমাদের সেখান থেকে শিখতে হবে, ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে এবং ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করে নেতিবাচক বিষয়গুলো থেকে শিক্ষা নিতে হবে।’ শেষ ম্যাচে জয়ের লক্ষ্য পরিষ্কার জানিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকালের ম্যাচের দিকে তাকিয়ে আছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা ম্যাচটি জিততে চাই।’ টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও শুধু অংশগ্রহণের জন্য তাজিকিস্তানে আসেনি ফর্টিস—এমনটাই মনে করেন ওমর বাবু। শেষ ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান তারা। তার ভাষায়, ‘আমরা ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। কিন্তু আমরা এখানে কোনও কিছু অর্জন করতে এসেছি। আমরা শুধু অংশগ্রহণ করার জন্য এখানে আসিনি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’ শেষ ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াকে দলের আত্মবিশ্বাস ফেরানোর গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে দেখছেন ফর্টিসের এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমাদের মনোবল এবং আত্মবিশ্বাস বাড়াতে অন্তত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। এটি একটি চমৎকার টুর্নামেন্ট ছিল। আমরা এখান থেকে শিখতে পেরেছি এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ রেগার তাদাজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই নতুন করে নিজেদের উজ্জীবিত করতে চাইছে ফর্টিস। শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার পাশাপাশি পরবর্তী চ্যালেঞ্জের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করাই এখন তাদের লক্ষ্য। ওমর বাবুর প্রত্যয়, ‘আগামীকাল ইনশাল্লাহ, আমরা পুরো তিন পয়েন্টের জন্যই মাঠে নামবো। কারণ এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

কুয়েতে শেষ ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্য ফর্টিসের