ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

সেন্টমার্টিনে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান

সেন্টমার্টিন দ্বীপে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে দুই শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ব্লু মেরিন রিসোর্টে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ব্লু মেরিন রিসোর্টের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে রোগীদের চিকিৎসা পরামর্শের পাশাপাশি জরুরি ওষুধ ও বিভিন্ন চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। ক্যাম্পে ব্যথাজনিত সমস্যা, হৃদরোগ, পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ নেন। এ সময় রোগীদের মধ্যে জরুরি ওষুধ, স্যানিটারি উপকরণ, কোমরব্যথার করসেট ও ব্যথানাশক ক্রিম বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকজন রোগীর রক্তে শর্করার মাত্রা নির্ণয় ও ইসিজি পরীক্ষা করা হয়। দুই দিনব্যাপী এ বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ব্লু মেরিন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাকিল আরিফ চৌধুরী এবং ব্যথা, ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ ডা. দলিলুর রহমান। চিকিৎসাসেবা পেয়ে সেন্টমার্টিনের বিভিন্ন পাড়া থেকে আসা বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা জানান, বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধার অভাবে দ্বীপের বাসিন্দাদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ক্যাম্পে স্থানীয় সংগঠক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

সেন্টমার্টিনে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান