ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে গোপালগঞ্জ পুলিশ: ডিআইজি

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। লকডাউন বা কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলায় চেকপোস্ট বসানো হয়েছে। অন্য জেলা থেকে কেউ এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে পুলিশ তৎপর রয়েছে। গোপালগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত থাকবে। এ সময় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ওই কর্মকর্তাকে প্রত্যাহারের তথ্য সঠিক নয়। তাঁকে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া। সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে গোপালগঞ্জ পুলিশ: ডিআইজি