ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

চট্টগ্রামে দুটি বাসে আগুন

চট্টগ্রাম নগরের দুই এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত এবং মঙ্গলবার ভোরে পৃথক সময়ে এই আগুন দেওয়া হয়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে চারটায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ছাড়া মঙ্গলবার ভোর পাঁচটায় নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। এর আগে গত রবিবার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ওই রাতে নগরের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গাড়িতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

চট্টগ্রামে দুটি বাসে আগুন