অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন। এ মামলায় অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান। আরও পড়ুনআরও পড়ুনতাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে যান দিশা, গ্রেফতার হলেন যেভাবে নথি থেকে জানা গেছে, মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ বিচারাধীন ছিল। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তর করেন। শুনানিকালে এ মামলায় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। ২০২৪ সালের ৯ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। নথি থেকে জানা গেছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এ ছাড়া এ আসামির বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসেবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনেদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন অথবা আড়াল করার উদ্দেশ্যে এসবের রূপান্তর বা স্থানান্তর কিংবা হস্তান্তর করার অভিযোগ আনা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।