ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারি ও কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মো. নাফিস (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। আহতরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি ও শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব। পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের এক পক্ষ অপর পক্ষের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার জানান, আমি ঢাকায় অবস্থান করছি। বিষয়টি আমি শুনেছি। এ ঘটনায় যদি ছাত্রদলের কেউ জড়িত থাকে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের পাঁচজন আহত আছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫