ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশা শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলন পাঠিয়েছিল। এরাই পুলিশের গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙ্চুর চালিয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। বাকীদের আটক করেছে বিভিন্ন থানা পুলিশ। ঢাকার ডিবি পুলিশের একটি সূত্র বলছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের আড়ালে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙ্চুরের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী স্থানীয় নেতা–কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিরা মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অনুসারি। কয়েকজনের পদ–পদবি রয়েছে। ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা শতাধিক ব্যক্তিকে সংগঠিত করে শ্রমিক আন্দোলন পাঠিয়েছিল। এরাই সংগঠিত হয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙ্চুর চালিয়েছে। ডিবির একটি সূত্র বলছে, আটক ব্যক্তিরা অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছিল। শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাঁদের। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর–১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা। সংঘর্ষের জেরে মিরপুর–১০, মিরপুর–১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন বেলা ১১টা ৩৮ মিনিটে থেকে বেলা ১টা ৫৮মিনিট পর্যন্ত বন্ধ রাখা হয়। এদিকে গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতা-কর্মী। আজ ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।