ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

নাহিদের প্রত্যাবর্তনের পথে আবারও চোটের ধাক্কা

বাংলাদেশের পেসার নাহিদ রানার মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। একের পর এক চোটে ভুগতে থাকা এই গতি তারকার নতুন সমস্যা ল্যাব্রাম টিয়ার। অস্ট্রেলিয়ার পার্থে চিকিৎসকদের পরীক্ষায় তার এই চোট ধরা পড়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে খেলা হচ্ছে না তার।  নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজেও নাহিদকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আপাতত তার লক্ষ্য পুনর্বাসন শেষ করে বোলিংয়ে ফেরা। পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর থেকে বোলিং শুরু করতে পারেন তিনি। তবে বোলিংয়ে ফিরলেই যে ম্যাচ খেলার মতো পুরোপুরি প্রস্তুত হয়ে যাবেন, তা নিশ্চিত নয় চোটের প্রকৃত কারণ জানতে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় যেতে হয়েছে নাহিদকে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের হয়ে খেলার সময় গ্রেড-টু সাইড স্ট্রেইনে আক্রান্ত হন এই পেসার। সেই চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন চলছিল তার। কিন্তু এ সময় নতুন করে শারীরিক অস্বস্তি দেখা দেয়।  পিঠের নিচের অংশ ও শ্রোণি অঞ্চলে ব্যথা এবং দুর্বলতার কারণে বোলিংয়ে ফেরার প্রস্তুতি ব্যাহত হচ্ছিল। শুরুতে সমস্যার সঠিক কারণ জানা যায়নি। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। পার্থে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর তত্ত্বাবধানে পরীক্ষা করানোর পর ল্যাব্রামে ছিঁড়ে যাওয়ার চোট শনাক্ত হয়।  ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। তিনি জানান, অস্ট্রেলিয়ায় নাহিদকে ইনজেকশন দেওয়া হয়েছে এবং তার পুনর্বাসনও শুরু হয়েছে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে বোলিং শুরু করতে পারেন তিনি। পুনর্বাসনে তার শরীর কেমন সাড়া দেয়, তার ওপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে। নাহিদের দেশে ফেরার টিকিট ছিল ২৮ অক্টোবর।  তবে পুনর্বাসনের বাকি অংশ অস্ট্রেলিয়াতেই চালিয়ে যেতে চান তিনি। বিসিবিও তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। ফলে পার্থেই চলবে তার প্রাথমিক পুনর্বাসন। চিকিৎসক, ফিজিও ও ট্রেনারের তত্ত্বাবধানে ধাপে ধাপে বোলিংয়ের জন্য প্রস্তুত হবেন তিনি।

নাহিদের প্রত্যাবর্তনের পথে আবারও চোটের ধাক্কা