রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি। এদিকে রাজধানীর বাইরে ঢাকার সাভার, বরগুনা ও গাজীপুরে পাঁচটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনা ঘটানো হয়েছে গতকাল রোববার দিবাগত গভীর রাত থেকে সোমবার সন্ধ্যার মধ্যে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।