ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

চালুর দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলেও মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটির সার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উৎপাদন বিভাগের প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক। কারখানা কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর গ্যাস সরবরাহ পেয়ে কারখানাটি পুনরায় চালু করা হয়। তবে কারিগরি ত্রুটির কারণে দুই দিনের মাথায় ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারিগরি ত্রুটি সমাধান করে গত শুক্রবার (২৩ অক্টোবর) পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রোববার ভোর থেকে ফের উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। মো. ফজলুল হক জানান, কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব না হলেও গত দুই দিনে প্রায় এক হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে। নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালু রাখতে ৪২ থেকে ৪৩ পিএসআই চাপে গ্যাস সরবরাহ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনি আরও জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় সার উৎপাদন শুরু করা হবে। এর আগে গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক জটিলতার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল যমুনা সার কারখানা। কারখানাটির দৈনিক এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত প্রায় এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে কারখানাটি।

চালুর দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন