ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

সুবর্ণচরে পুকুরে ডুবে প্রাণ গেল স্বর্ণা ও রূপার

কাছাকাছি বয়স হওয়ায় তাদের খাওয়াদাওয়া, খেলাধুলা সবই ছিল একসঙ্গে। তাই হয়তো মৃত্যুতেও তারা একসঙ্গেই রইল। নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোন—স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাসের (৪) মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চরআমানউল্লাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরিবার ও চরজব্বার থানা সূত্রে জানা যায়, দুপুরের কোনো এক সময় বসতবাড়ির পুকুরে একসঙ্গে গোসল করতে নামে দুই বোন। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি পরিবার প্রথমে টের না পেলেও খোঁজাখুঁজি করতে করতে একসময় পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করা হয়। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই বোনের মধ্যে বড় স্বর্ণা রানী দাস চরআমানউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, দুই বোনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সুবর্ণচরে পুকুরে ডুবে প্রাণ গেল স্বর্ণা ও রূপার