
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। নারীকে মারধর করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঐ নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন ছাত্রনেতা মুন্না। এই ঘটনার প্রেক্ষিতে মুন্নাকে ছাত্রদলের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, বাগানের মধ্যে এক নারীকে টানাটানি করে একাধিক চড় থাপ্পড় দিচ্ছেন ছাত্রদল নেতা মুন্না। এ সময় ঐ নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মারধরের ঘটনা স্বীকার করে বলেন, ঐ নারী আমার স্ত্রী, কথা- কাটাকাটির একপর্যায়ে তাকে চড় থাপ্পড় দেই।
এদিকে নারীকে মারধর করার ভিডিও ভাইরাল হওয়ার পর মুন্নাকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ পদবী থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রদান করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন