কুমিল্লায় মহানগর জামায়াতের কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা মহানগর জামায়াতের সদ্য সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনকে বহিষ্কার করা হয়।
রোববার বিকালে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ১৪ অক্টোবর রাতে কুমিল্লা নগরীর গাংচর (মোগলটুলী) এলাকার ফারুকী হাউসে মহানগর জামায়াতের কার্যালয়ে নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে রুকনদের প্রস্তুতিমূলক বৈঠক চলছিল। সভা চলাকালে পদ-পদবি ও নেতৃত্ব গঠন নিয়ে দুইপক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা ও চরম উত্তেজনার সৃষ্টি হয়।
একপর্যায়ে বিশৃঙ্খলা কার্যালয়ের বাইরে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের সামনে থাকা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
ঘটনার পরদিন এ বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে (সাবেক শিবির নেতা) তার দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
পরে ১৬ অক্টোবর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি (সংগঠন ও ইমারাত) ভেঙে দেওয়া হয় এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমকে মহানগরের সংগঠন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি ঘটনা তদন্তে এটিএম আজহারুল ইসলাম ও মাওলানা মুহাম্মদ শাহজাহানের সমন্বয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্ত কমিটির সুপারিশ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পরে কুমিল্লা মহানগর জামায়াতের সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির একেএম এমদাদুল হক মামুনকে বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিনের ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম বলেন, কাজী দ্বীন মোহাম্মদ এবং একেএম এমদাদুল হক মামুনের রুকনিয়্যাত (প্রাথমিক সদস্যপদ) বাতিল করা হয়েছে। দলের নির্বাহী পরিষদ তাদের সদস্যপদ (রুকনিয়্যাত) বাতিল করেছে।