শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
শুক্রবার (২০ নভেম্বর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ। রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ধারাবাহিকতায় এবার অধ্যাপক ইউনূসের বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এনসিপি আরও বলেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অরাজকতা ও আতঙ্ক সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশের সব নাগরিকের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় দলটি।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য ও গোপন সব ধরনের নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানায় এনসিপি।
বিবৃতিতে দলটি জানায়, দেশের শান্তিপ্রিয় ও মুক্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসবাদ ও নৈরাজ্য প্রতিহত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। দেশবিরোধী অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে দলটি।