
মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে দলিল করতে আসা এক নারীর কাছ থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী মাদারীপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পবল্লবদী এলাকার বাসিন্দা ঠান্ডু সিপাহীর স্ত্রী মাহফুজা বেগম জমি কেনার উদ্দেশ্যে সকালে ব্যাংক থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি ওই টাকা নিয়ে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিল সম্পাদনের জন্য যান।
সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে পৌঁছানোর পর এক নারী ও এক পুরুষ কৌশলে মাহফুজা বেগমের সামনে কিছু খুচরা টাকা মাটিতে ফেলে দেন এবং সেগুলো তুলে দিতে অনুরোধ করেন। মানবিক কারণে মাহফুজা বেগম নিচু হলে সেই সুযোগে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী মাহফুজা বেগম বলেন, একটি সরকারি অফিসে এসে আমার কষ্টার্জিত সব টাকা নিয়ে গেল। অথচ কেউ আমাকে সাহায্য করল না। এই টাকা হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।
এ বিষয়ে মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন বলেন, টাকা পাহারা দেয়ার দায়িত্ব আমাদের নয়। সাব-রেজিস্ট্রার অফিসে টাকা লেনদেন করার কোনো নিয়মও নেই।
অন্যদিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন