
অলিম্পিকে ক্রিকেট হয়েছে মাত্র একবারই। ১৯০০ সালে প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টে খেলেছিল দুটি দল। স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে সেবার স্বর্ণ জিতেছিল গ্রেট বৃটেন। আইসিসির দীর্ঘ প্রক্রিয়া ও উদ্যোগের পথ ধরে ১২৮ বছর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য লস অ্যাঞ্জেলস আসরে আবার মাঠে গড়াবে এই ইভেন্ট। টি-২০ বিশ্বকাপের শিরোপা জয়ের পর ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার বলছেন, এবারে তাদের চোখ সেই শিরোপায়।
সুরিয়া কুমার বলেন, ‘গত এক মাসের পথচলা অবশ্যই অসাধারণ ছিল। যদিও আমরা যেভাবে চেয়েছিলাম, শুরুটা সেভাবে হয়নি। তবে খেলাটিরই অংশ সেটি। পুরো পথচলা থেকে শুরু করে আজকে পর্যন্ত সবকিছুই ছিল খুবই স্পেশাল এবং দল হিসেবে সম্মিলিতভাবে আমরা যা অর্জন করেছি, সেটি তো আপনাদের সামনেই (ট্রফি)। সব মিলিয়ে আমি খুবই খুশি। পরের লক্ষ্য অলিম্পিকস স্বর্ণ, আমরা যে দলের হয়ে কাজ করি, সেই দলেরও।’
বর্তমান সাফল্যের পথ ধরে সামনের আসরগুলোতেও অপ্রতিরোধ্য হয়ে ছুটতে চান ভারতের অধিনায়ক। তিনি বলেন, ‘২০২৪ আসরের পর সব বদলে গেছে। সেবারের বিশ্বকাপে ভিন্ন ঘরানার ক্রিকেট খেলেছি আমরা। সেখান থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি, সামনে এগিয়ে যেতে কোন ধরনের ক্রিকেট খেলতে হবে এই দলকে। আমরা সেভাবেই চেষ্টা করেছি এবং পুরো সফর ছিল দুর্দান্ত। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়স ট্রফি জিতেছি আমরা, পুরো ভিন্ন ঘরানার ক্রিকেট খেলেছি আমরা এবং এবার দেশের মাঠে ঘরের দর্শকের সামনে স্পেশাল কিছু করতে চেয়েছি আমরা। ২০২৭,২০২৮, ২০২৯ সালেও আমরা তা করতে চাই এবং কখনও থামতে চাই না।’
লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে পোমানা শহরে অস্থায়ীভাবে তৈরি ভেন্যু ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে হবে সব ম্যাচ। ছেলে ও মেয়েদের ক্রিকেটে ৬টি করে দল খেলবে অলিম্পিকস ক্রিকেটে। এশিয়া থেকে ভারতের অংশগ্রহণ একরকম নিশ্চিতই বলা যায়।
মন্তব্য করুন